আজ জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (বাংলা ও ইংলিশ ভার্সন)-এ অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো ২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬। শিক্ষার্থীদের অংশগ্রহণ, অভিভাবকদের উপস্থিতি এবং অতিথিবৃন্দের সম্মিলনে পুরো ক্যাম্পাস ছিল প্রাণবন্ত ও মুখরিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন, পিএসসি, সভাপতি, পরিচালনা পর্ষদ এবং স্টেশন কমান্ডার, জাহানাবাদ সেনানিবাস। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এর মাধ্যমে পুরো আয়োজনে এক পবিত্র ও মর্যাদাপূর্ণ আবহ তৈরি হয়।
এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোঃ মশিহ উদ্দিন আহমেদ, পিএসসি, এসি। তিনি তার বক্তব্যে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দকে আন্তরিক স্বাগত জানান এবং কলেজের সামগ্রিক একাডেমিক অগ্রগতি ও শিক্ষার্থীদের খেলাধুলায় অর্জিত সাফল্য সম্পর্কে আলোকপাত করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
স্বাগত বক্তব্য শেষে শুরু হয় প্রতিযোগীদের শপথ গ্রহণ ও মনোমুগ্ধকর কুচকাওয়াজ। শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ পদচারণা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। এরপর ছেলে ও মেয়েদের অংশগ্রহণে সমবেত পিটি প্রদর্শন অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা তাদের শারীরিক দক্ষতা, সমন্বয় ও নৈপুণ্যের চমৎকার বহিঃপ্রকাশ ঘটায়।
এরপর শুরু হয় প্রতীক্ষিত ক্রীড়া প্রতিযোগিতা। বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। উল্লেখযোগ্য ইভেন্টগুলোর মধ্যে ছিল— ১০০ মিটার দৌড়, ভারসাম্য দৌড়, বিস্কুট দৌড়, হার্ডেলস দৌড়, ৪০০ মিটার রিলে ব্যাটন, যেমন খুশি তেমন সাজো, স্ট্যাম্পে বল নিক্ষেপ, বাস্কেটে বল নিক্ষেপ, কিক দ্য বল এবং পিলো পাসিং। প্রতিটি ইভেন্টেই শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক মনোভাব উপস্থিত সকলকে মুগ্ধ করে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সম্মানিত সভাপতি মহোদয়। পুরস্কার বিতরণী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
সবশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় ও হৃদয়স্পর্শী ডিসপ্লে “আমার দেশের স্বপ্ন বলে, প্রজাপতির পাখায় দোলে” পরিবেশিত হয়। দেশপ্রেম, স্বপ্ন ও আশার প্রতীকী এই ডিসপ্লে উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়। ডিসপ্লে শেষে পারফর্মার ও বিজয়ীদের সাথে ফটোসেশন অনুষ্ঠিত হয়। পরিশেষে সম্মানিত সভাপতি মহোদয় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Photo Courtesy: JCPSC Photography Club, Khulna
01769564544
01769564543